ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম

গাজা পরিস্থিতি বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। গাজায় ত্রাণ বহনকারী নৌবহরে ইসরায়েলের হামলার ঘটনায় বিভিন্ন দেশে বিক্ষোভ ও নিন্দা জানানো অব্যাহত রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক ইসরায়েলকে গাজার অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলি কূটনীতিকদের দেশ থেকে বহিষ্কার করেছেন। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি অভিযানের পর আটক মানবাধিকার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে। অন্যদিকে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, গাজার অভিমুখে আরও ১১টি জাহাজ যাত্রারত। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম এই বহরে থাকা ‘কনসায়েন্স’ নামের জাহাজটিতে রয়েছেন।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজা পরিস্থিতিকে কেবল একটি মানবিক বিপর্যয় নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি সংজ্ঞায়িত পরীক্ষা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই গণহত্যাকারী গোষ্ঠীকে আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহি করতে হবে।

মজার বিষয় হলো, এরদোগানের এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে ইসরায়েলেরই একটি বিশ্বাসযোগ্য থিঙ্ক ট্যাঙ্ক মিটভিম ইনস্টিটিউটের গবেষণায়। সংস্থাটির বার্ষিক বৈদেশিক নীতি জরিপে ইসরায়েলি জনগণের মানসিকতার বিরল চিত্র উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ ইসরায়েলি আশঙ্কা করছেন যে গাজায় তাদের কর্মকাণ্ডের কারণে দেশটি ‘অসৎ রাষ্ট্র’-এ পরিণত হচ্ছে। ৭০ শতাংশ ইসরায়েলি সরকারের কূটনীতিতে অসন্তুষ্ট। অন্যদিকে, ৬২ শতাংশ ইসরায়েলি এখনও উদার-গণতান্ত্রিক পশ্চিমাদের সাথে যুক্ত থাকাকে গুরুত্ব দেয়।

গাজা ইসরায়েলি সমাজের দ্বিধার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ ইসরায়েলি এমন একটি আন্তর্জাতিক প্যাকেজকে সমর্থন করে যা একটি নিরস্ত্রীকৃত ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করবে, জিম্মিদের ফিরিয়ে দেবে, গাজায় হামাসের শাসন ভেঙে দেবে এবং আরব বিশ্বের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে।

এদিকে ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে বিবেচনা করা হবে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৬৬ হাজার ২৮৮ জন নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত