লক্ষ্মীপুর

জামায়াত আমিরের ভগ্নিপতির লাশ মিলল খালে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর হাত পা বাঁধা অবস্থায় খাল থেকে ইউছুফ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক যুবক খালে টেটা দিয়ে মাছ শিকার করতে গিয়ে খালে মরদেহটি পড়ে থাকতে দেখেন। নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবিরের ভগ্নিপতি।

নিহত ইউছুফের ছেলে শাকিল জানান, তার বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দিনভর আত্মীয়-স্বজনসহ নানা স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার হদিস পাওয়া যায়নি। শুক্রবার রাতে কোরালিয়া খালে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এটি পরিকল্পিত হত্যা।

তিনি আরো জানান, চাচা হানিফ ও জুয়েলদের সঙ্গে পারিবারিক জমি বণ্টন নিয়ে বিরোধ রয়েছে। এ ছাড়া আর কারও সঙ্গে বাবার কোনও বিরোধ নেই। সেই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে চাচারা বাবাকে হত্যা করে লাশ খালে ফেলে দেন বলে অভিযোগ করেন নিহতের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত