আলফাডাঙ্গায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় হামলা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে তাদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করেন বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের ছাত্রদল নেতা বনি আমিন।

জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। তারা দুজনেই জাতীয়  নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। শামসুদ্দিন মিয়ার পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন। সম্প্রতি খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয় নাসির পক্ষের লোকজন। এর জেরে শুক্রবার বিকেলে আলফাডাঙ্গা সদর বাজারে খোকন পক্ষের লোকজন নাসির পক্ষের বোয়ালমারী উপজেলা সাবেক ছাত্রদল নেতা বনি আমিনের ওপর হামলা চালায়। এঘটনায় থানায় মামলা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার আসামি খোশবুর রহমান খোকনসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত