যুদ্ধ হলে ভারতকে ধ্বংসস্তূপেই কবর দেওয়া হবে, হুঁশিয়ারি পাকিস্তানের

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম

ভারতীয় এক জেনারেলের ‘পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া’ মন্তব্যের জবাবে পাল্টা হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি যুদ্ধ ঘোষণা করে, তাহলে তাদের বিমানবাহিনীর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দিতে হবে।

জিও নিউজে প্রকাশিত এক পোস্টে খাজা আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলো তাদের বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা মাত্র। তার দাবি, এসব কথার আড়ালে ভারতের অভ্যন্তরীণ চাপ ও জনমতের অবস্থা ফুটে উঠছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর বক্তব্যে আরও স্পষ্ট করে বলা হয়, ভারত কোনো আগ্রাসন এলে পাকিস্তান পিছু হটবে না। তাদের জবাব হবে দ্রুত, সুনির্দিষ্ট ও বিধ্বংসী।

আইএসপিআর তাদের ভাষ্যে দাবি করে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের কিছু কাজকে সীমান্তপারের সন্ত্রাসবাদের উৎস হিসেবে চিহ্নিত করেছে। আর ভারতীয় নেতারা নিজেরাই তাদের সামরিক সক্ষমতার আসল চিত্র ভুলে গেছেন। তারা সতর্ক করে দিয়ে বলেন, ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকি বাস্তবায়ন করতে গেলে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

এরইমধ্যে গত মে মাসে দুই দেশের মধ্যে সর্বশেষ বড় ধরনের সংঘাত হয়। জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকবাহী একটি বাসে হামলায় ২৬ জন নিহত হলে উত্তেজনা চরমে ওঠে। এ ঘটনার দায় ইসলামাবাদের ওপর চাপায় নয়াদিল্লি।

জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়াদ-উল-মারসুস’ নামে এক অভিযান চালায়। তাদের দাবি, এ অভিযানে বেশ কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করা হয়। চার দিন ধরে চলা এই সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত