ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

রাজধানীর ধানমন্ডি লেকে থেকে ওমর ফারুক মোল্ল্যা (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) মায়ের সাথে অভিমান করে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থানা পুলিশ লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে ধানমন্ডি ৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেকের পানিতে একজনের লাশ ভাসছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে লাশ উদ্ধার করা হয়। 

তিনি জানান, পরবর্তীতে পরিচয় সনাক্ত হয়। তার পরিবারের কাছ থেকে জানা যায়, ওই ছেলের নাম ওমর ফারুক মোল্ল্যা। বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা। বাসা হাজারীবাগ বউবাজার।

ওমর ফারুক পড়ালেখা করত না এবং বেকার ছিল। এসব নিয়ে শুক্রবার দুপুরে মায়ের সাথে তার রাগারাগি হয়। ওইদিন বেলা ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে আসে৷ এরপর আর বাসায় ফিরেনি। পরিবার সদস্যরা ভেবেছিলেন, সে কোন বন্ধুর বাসায় রয়েছে। তবে সবশেষ রবিবার সকালে লেক থেকে তার লাশ উদ্ধার হয়েছে।

তিনি আরও জানান, সাঁতার জানত না ওমর। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত