চট্টগ্রামের সীতাকুণ্ডে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় বেসরকারি চ্যানেল এখন টেলিভিশনের চট্টগ্রাম প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টস নেটওয়ার্কের আহ্বায়ক হোসাইন আহমেদ জিয়াদ এবং ক্যামেরাপার্সন মো.পারভেজ রহমান আহত হয়েছেন।
রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশ টিভির সাংবাদিক মোহাম্মদ নাজিম।
তিনি জানান, জিয়াদ ও পারভেজ পেশাগত কাজে তথ্য সংগ্রহে জঙ্গল সলিমপুর এলাকায় গেলে হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ক্যামেরা ও সরঞ্জামাদি ভাঙচুর করে।
এ ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব বলেন, ‘সাংবাদিকরা তাদের পেশাগত কাজে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল কিন্তু তাদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। এই হামলা ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।’
