সর্বোচ্চ সংক্রমণের দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ এএম

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছিল। এমন পরিস্থিতি দেখে জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞরা তখন বলেছিলেন, অক্টোবর বা নভেম্বরে অবস্থা আরও নাজুক হয়ে উঠতে পারে। চলতি অক্টোবরের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) নয়জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে এক দিনে চলতি বছরের সর্বোচ্চ ১ হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ২১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, নয়জনের মৃত্যুর মধ্যে সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোয়। বাকি দুজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭১৭ জন পুরুষ এবং ৩২৫ জন নারী। চলতি বছর এর আগে ২৪ ঘণ্টায় এত রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়নি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সভিত্তিক রোগী ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

দেশে ২০০০ সালে যখন নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়, তখন তা ছিল মূলত রাজধানীকেন্দ্রিক। কিন্তু দিন দিন এটা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়েছে ব্যাপক হারে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৪৭৮ জন। আর ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪২৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত