গ্রাম পুলিশের বকেয়া পরিশোধ করলেন ইউএনও

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলার গ্রাম পুলিশের বকেয়া বেতন পরিশোধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

সম্প্রতি ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান তার কার্যালয়ে থেকে এই বকেয়া প্রদান করেন। প্রথম পর্যায়ে ২০২০ সালের শেষ ৬ মাসের বকেয়া বেতন পেয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা। 

জানা গেছে, গ্রাম পুলিশরা ইউনিয়ন পরিষদের পাশাপাশি সপ্তাহে ১ দিন অফিসার ইনচার্জের তত্বাবধানে থানায় দায়িত্ব পালন করেন। ইসলামপুর উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা এই দায়িত্ব নিয়মিত পালন করে গেলেও প্রায় সাড়ে ৫ বছর ধরে থানায় দায়িত্ব পালনের ভাতা পাচ্ছিলেন না। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হওয়ার পর এই বকেয়া ভাতা গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া শুরু করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন ইসলামপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোহেল আহসান, সহ-সভাপতি মো. মিন্টু ও সাধারণ সম্পাদক মো. কালো গাজী।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে জানা গেছে, শিগগিরই ধাপে ধাপে বাকী বকেয়া গুলো গ্রাম পুলিশের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

দীর্ঘ সময়ের বকেয়া ভাতা পেয়ে উচ্ছ্বসিত পার্থশী ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা।

এ বিষয়ে মিন্টু মিয়া বলেন, ‘আমরা ইউএনও স্যারের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের জন্য চিন্তা করেছেন। স্যারের জন্য আমরা মন থেকে দোয়া করি।’

এ প্রসঙ্গে ইউএনও তৌহিদুর রহমান বলেন, ‘গ্রাম পুলিশের সদস্যরা অনেক পরিশ্রম করলেও তাদের বেতন ভাতা অনেক কম। আমি সব সময় তাদের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। এ উপজেলায় আসার পর যখনই বকেয়ার বিষয়টি জানতে পেরেছি ঠিক তখনই বকেয়া পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই বাকি বকেয়াগুলো গ্রাম পুলিশ সদস্যদের হাতে তুলে দিতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত