রাস্তার পাশে পড়ে ছিল নিখোঁজ স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:২৩ এএম

নওগাঁর  ধামইরহাটে রাস্তার পাশ থেকে নিতাই চন্দ্র দাস (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিতাই চন্দ্র দাস উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার বিনয় দাসের ছেলে। তিনি আড়ানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে নিতাই চন্দ্র দাস নিজ বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পরও তিনি বাড়িতে ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে তার মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিতাইয়ের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকানে নারায়ণ চন্দ্র (৪২) নামের এক মুদি দোকানদারকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ১১টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। উপজেলার বসুন্ধরা মোড়ের মুদি দোকানদার ছিলেন এ যুবক। এ ব্যাপারে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র হাফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকার একটি ভাড়া বাসা থেকে সামায়েল হাসদা (৩০) নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামায়েল রাজশাহীর গোড়াগাড়ী উপজেলার চানলাই গ্রামের সরকার হাসদার ছেলে। তিনি মানিকগঞ্জে বারসিক নামে একটি এনজিওর সহযোগী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সামায়েল হাসদা স্ট্রোক করে মারা যেতে পারে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।             

×
সর্বশেষ সর্বাধিক পঠিত