প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫১ এএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ্র দাস (৪০)। গতকাল সোমবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চর জবলী গ্রামের পালোয়ান বাড়ির সামনে আট কপালিয়া-পরিষ্কার বাজার সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কারণ বা কারা জাড়িত তা জানাতে পারেনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত সুব্রত চন্দ্র দাস উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাসের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।

তিনি আগে ব্যবসা করলেও কিছু দিন ধরে বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস উপজেলার চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্যসেবা বিভাগে চাকরি করতেন। গতকাল স্ত্রীকে আনার জন্য সুব্রত দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীর কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। তিনি পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর সেখানে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে চলে যায়। খবর পেয়ে চর জব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, ‘স্ত্রীকে কর্মস্থল থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডের সময় কেউ বিষয়টি দেখেনি। ওই সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পড়ে ছিল। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে আসে।’

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের গলা কাটা ও মাথায় কোপের দাগ রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে এখানে লাশ ফেলে চলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত