যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সংবাদমাধ্যম পেন্টাগনের নতুন সাংবাদিকতা নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে। তারা এই নিয়মকে সংবিধানবিরোধী বলে উল্লেখ করেছে।
প্রতিরক্ষা বিভাগ গত সেপ্টেম্বরে একটি স্মারকে এই নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, পেন্টাগনের প্রেস ক্রেডেনশিয়াল ধরে রাখতে হলে সংবাদকর্মীদের একটি শপথপত্রে স্বাক্ষর করতে হবে। এতে তাদের অঙ্গীকার করতে হবে যে, তারা অননুমোদিত স্পর্শকাতর তথ্য যার মধ্যে অশ্রেণীবদ্ধ দলিলও রয়েছে-প্রকাশ করবে না।
মিডিয়ার তীব্র প্রতিক্রিয়ার পর গত সপ্তাহে এই নির্দেশিকার ভাষা পরিবর্তন করা হয়। সংশোধিত ভাষায় সাংবাদিকদের কেবল নতুন নিয়মগুলো ‘স্বীকার’ করতে বলা হয়। তবে অনেক সংস্থা এই সংশোধনীতেও সন্তুষ্ট নন।
এনপিআর, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কয়েকটি প্রধান সংস্থা সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছে, তারা এই নতুন নিয়ম মেনে নেবে না।
তাদের যুক্তি, এই নিয়ম মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী, যা মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপক সুরক্ষা দেয়। ভিয়েতনাম যুদ্ধের সময় ১৯৭১ সালের নিউইয়র্ক টাইমস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র মামলায় সুপ্রিম কোর্ট শ্রেণীবদ্ধ সামরিক দলিল প্রকাশের মাধ্যমে এই অধিকার নিশ্চিত করেছিল।
ওয়াশিংটন পোস্ট-এর নির্বাহী সম্পাদক ম্যাট মুরে এক বিবৃতিতে বলেন, প্রস্তাবিত এই বিধিনিষেধ তথ্য সংগ্রহ ও প্রকাশের ওপর অপ্রয়োজনীয় বাধার মাধ্যমে প্রথম সংশোধনীর সুরক্ষাকে দুর্বল করছে। আমরা পেন্টাগন ও সরকারের নীতিমালার ওপর জোরালো ও ন্যায়সংগত প্রতিবেদন প্রকাশ করব।
রক্ষণশীল সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস এবং ফক্স নিউজের প্রতিদ্বন্দ্বী নিউজম্যাক্সও নিয়ম মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। নিউজম্যাক্স তাদের বিবৃতিতে এই নিয়মকে ‘অপ্রয়োজনীয় ও কঠোর’ আখ্যা দিয়েছে।
পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা বিভাগের নিজস্ব প্রতিবেদন নির্ধারণের অধিকার আছে, কিন্তু সংবিধানবিরোধী নীতি শর্ত হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। সংস্থাটি আগেই বলেছিল, নিয়মগুলো ‘স্বাধীন সংবাদ মাধ্যমকে দমনের জন্য তৈরি’, এবং এগুলো সাংবাদিকদের আইনি জটিলতায় ফেলতে পারে।
পেন্টাগনের এই প্রতিবেদন নির্দেশিকার প্রবক্তা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, যিনি সাবেক ফক্স নিউজ উপস্থাপক এবং জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব নেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, সংস্থাটি পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশনের সঙ্গে ‘সদিচ্ছার আলোচনা’ করেছে। তবে তিনি স্পষ্ট করেন যে, ‘সামরিক সদস্য ও বেসামরিক জনগণকে অপরাধে উৎসাহিত করা কঠোরভাবে নিষিদ্ধ’।
