ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, ৮৪১ জন হাসপাতালে

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ এএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৮৪১ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬, ঢাকা বিভাগে ২১৪, ঢাকা উত্তর সিটিতে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৯, রংপুর বিভাগে ৪৭ ও সিলেট বিভাগে তিনজন ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৫৬ হাজার ২৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা। যারা মারা গেছে তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, মিটফোর্ড হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ময়মনসিংহ হাসপাতালে একজন ভর্তি ছিল। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৭৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে ৫৩ হাজার ৩৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গতকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৬৬৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত