সব ধরনের ত্বকেই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। একেক ধরনের ত্বকের জন্য একেক ধরনের সানস্ক্রিন উপযুক্ত। নিজের ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ হলো, সঠিক উপায়ে সানস্ক্রিন ব্যবহার করতে জানা।
প্রতিদিনই সানস্ক্রিন ব্যবহার করছেন, অথচ হয়তো আপনার অজান্তেই আপনি সঠিক নিয়মের পরিবর্তে উলটোটা করছেন। এর ফলে ত্বকের উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি হবে। সানস্ক্রিন প্রতিদিন শুধু ব্যবহার করলেই হবে না, সঠিক নিয়মগুলোও জানতে হবে। নাহলে ত্বকের সমস্যা বাড়বে।
চলুন, তাহলে জেনে নেওয়া যাক সানস্ক্রিন ব্যবহারের সময় কী কী খেয়াল রাখবেন—
ত্বক ভালো রাখতে চাইলে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাড়িতে থাকুন কিংবা বাইরে বের হন, সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিতে হবে। সেনসিটিভ স্কিন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপরেই সানস্ক্রিন বেছে নিন।
ত্বকে যদি র্যাশ, ব্রণ ইত্যাদির সমস্যা বেশি মাত্রায় থাকে, তাহলে কোন সানস্ক্রিন ব্যবহার করবেন, সেই ব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের জন্য ভালো। শুধু মুখে নয়, গলায়, হাতে অর্থাৎ ত্বকের যেসব অংশে সূর্যালোকের প্রভাবে আসে, সেখানে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। যারা খুব বেশি ঘামেন তারা ওয়াটার কিংবা জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
সানস্ক্রিন শুধু ব্যবহার করলেই হবে না, সানস্ক্রিন ব্যবহারের সময় বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখাও জরুরি। সানস্ক্রিন কোনোভাবেই যেন চোখে ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সানস্ক্রিন চোখে ঢুকে গেলে মারাত্মক জ্বালাপোড়া করতে পারে।
খুব চিটচিটে ধরনের সানস্ক্রিন কোনো ত্বকের ক্ষেত্রেই উপযুক্ত নয়। উল্টো ত্বকে ময়লা জমিয়ে দেবে এই জাতীয় সানস্ক্রিন। যারা বেশি ঘামেন, তারা একবার সানস্ক্রিন লাগানোর পর দ্বিতীয়বার ব্যবহারের আগে অবশ্যই মুখ ধুয়ে নিন। নাহলে ঘামের স্তর ত্বকে জমে যাবে। এর ফলে ক্ষতিই হবে ত্বকের।
ত্বক ভালোভাবে পরিষ্কার না করে কোনো কিছুই ব্যবহার করা উচিত নয়। এই নিয়ম প্রযোজ্য সানস্ক্রিনের ক্ষেত্রেও। আর দুই আঙুলের মাথার অংশ দিয়ে অর্থাৎ ফিঙ্গার টিপের সাহায্যে সানস্ক্রিন ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে নিতে হবে।
