ফেব্রুয়ারিতে ভোট চেয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:১৮ এএম

‘ক্যাম্পাস টু কান্ট্রি, ইলেকশন ইন ফেব্রুয়ারি’ সেøাগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সুফিয়া কামাল হল ছাত্রদল আহ্বায়ক তাওহীদা সুলতানা, ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক অবন্তী খান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আহ্বায়ক গাজি জাহিদুল ইসলাম, জহুরুল হক হলের আহ্বায়ক হাবিবুর রহমান আসিফসহ হলপর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে আলোচনা রয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ডাকসু নির্বাচনের পর থেকে বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের ছাত্রদল নেতাকর্মীদের আগের চেয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তারা নিয়মিত হলের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। টিএসসি, হাকিম চত্বরসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়মিত একত্রিত হচ্ছেন ও দল গুছাচ্ছেন। আর জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তারা কাজ করছেন বলে জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত