পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
ফরিদপুর থানার ওসি শাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত চরমপন্থি নেতার নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি চরমপন্থি গ্রুপ নকশালের নেতা ছিলেন বলে জানা গেছে। ফরিদপুর থানার ওসি শাকিউল আজম জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চরমপন্থি নকশাল দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে গতকাল বিকেলে আব্দুল মতিনকে মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে গুলি ও কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
গুরুতর আহত অবস্থায় মতিনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর মারা যান মতিন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে। তবে প্রাথমিকভাবে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
