রূপগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষ অগ্নিসংযোগ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ সময় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কেন্দয়া (মস্তাপুর) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রভাব বিস্তার ও মাছের ঘের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবদল কর্মী কাউসার মিয়ার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ যুবদল কর্মী বাদশা মিয়ার সমর্থকদের বিরোধ চলছিল। এ ছাড়া গত শনিবার দুপুরে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের সমাবেশে লোকজন না নেওয়াকে কেন্দ্র করে বাদশা মিয়ার ওপর কাউসার মিয়ার সমর্থকরা ক্ষিপ্ত হন। এসব ঘটনার জেরে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাউসার মিয়ার সমর্থকরা বাদশা ও তার লোকজনের ওপর হামলা চালান। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বাদশা, খোকন, তরিকুল, ডালিমসহ কয়েকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ দেওয়ান বলেন, ‘বাদশা ও কাউসার যুবদলের কেউ নন। তারা যুবদলের কর্মী হিসেবে কাজ করেন। মাছের প্রজেক্ট দখল নিয়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। কাঞ্চন পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষকে দুই গ্রুপই অতিষ্ঠ করে ফেলেছে।’

এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এসআই ফরহাদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত