ভূমিহীনদের টাকা আত্মসাৎ: এনজিও কর্মকর্তার ১০ বছরের জেল

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম

চট্টগ্রামে ভূমিহীনদের টাকা আত্মসাতের অভিযোগে করা দুটি মামলায় সৈয়দ হাসানুজ্জামান লিটন নামে এক এনজিও কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২০ অক্টোবর)  দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী রেজাউল করিম বলেন, ‘আদালত আসামি হাসানুজ্জামানকে দুই মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানা করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি অনুয়ায়ী, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয় চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ঋণ বিতরণের জন্য র‌্যাডল নামের একটি এনজিওর মহাসচিব সৈয়দ হাসানুজ্জামান লিটনকে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু তিনি ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক এম এন আলম বাদী হয়ে ২০০৩ সালের ১৮ মে দুটি মামলা করেন। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত