কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার জেরে কৃষিবিদদের সংগঠন 'এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)' এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছেন পেশাজীবি কৃষিবিদরা।
সোমবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ৩টায় কয়েকশ কৃষিবিদ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি কেআইবি থেকে শুরু হয়ে ফার্মগেট হয়ে আবার কেআইবি কমপ্লেক্সে এসে শেষ হয়। সমাবেশে উপস্থিত কৃষিবিদরা নির্বাচন কমিশনে স্বচ্ছতা এবং তাদের পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন এ্যাব’র নবগঠিত কমিটির আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার, যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন চঞ্চল, প্রফেসর আবুল বাশার, ড. শফিক, সদস্য সচিব শাহাদত হোসেন বিপ্লব এবং প্রফেসর জামশেদ আলম রিপন। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে সিনিয়র কৃষিবিদ আনোয়ারুন নবী বাবলা, ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এফ এম আমিনুজ্জামান রিপন, বিএডিসি প্রকল্প পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এ্যাব’র বিভিন্ন চ্যাপ্টার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
সমাবেশে এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) নেতৃবৃন্দরা বলেন, সাধারণ কৃষিবিদদের অগোচরে এবং মেয়াদোত্তীর্ণ প্রশাসকের পক্ষপাতে একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই একতরফা কমিশন বাতিল, অবৈধ তফসিল বাতিল এবং স্বেচ্ছাচারী প্রশাসকের অপসারণের দাবি করছি। কৃষিবিদ সমাজের বৃহৎ অংশকে অন্ধকারে রেখে তড়িঘড়ি করে একটি কমিশন গঠন ও তফসিল ঘোষণা করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা অবিলম্বে এই প্রক্রিয়া স্থগিত করে সকলের মতামতের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান।
