একই ব্যক্তির বিরুদ্ধে ২ ধর্ষণ মামলা

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

বরগুনার তালতলীতে মোকলেস মোল্লা (৫৯) নামের একই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুই ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) তালতলী থানায় দুই ভুক্তভোগীর বাবা-মা পৃথকভাবে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার সকিনা এলাকার মোকলেস মোল্লা।

প্রথম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ অক্টোবর দুপুরে প্রতিবেশী মোকলেছ মোল্লা দশ বছরের শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নেয়। পরে ঘরের বারান্দায় ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

অন্য মামলায় নয় বছর বয়সী ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করেন, ৬ অক্টোবর বিকেলে তিনি স্বামীর সঙ্গে স্থানীয় বাজারে ঔষধ কিনতে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় মোকলেছ মোল্লা শিশুটির রুমে প্রবেশ করে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ওই দুই শিশুর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয় জানতে পেরে প্রতিবেশী মোকলেছ মোল্লাকে অভিযুক্ত করে তালতলী থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী দুই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত