আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ এএম

সরকারের ঘোষিত জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন দাবিতে ১১ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল করেন। বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয়করণের আশ্বাস না পাওয়ায় লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিকেলে শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হয়। পরে শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাৎ করে।

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে শিক্ষক নেতারা বলেন, বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, ‘কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় তার কাছে ফাইল আসেনি। সচিব দেশে এলে ও ফাইল তার কাছে গেলে বিবেচনা করা হবে।’

এর আগে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দাবি বাস্তবায়ন না হলে ২৬ অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে মিছিলসহ পদযাত্রা করা হবে বলেও জানিয়েছিলেন শিক্ষক নেতারা।

ইবতেদায়ি শিক্ষকরা বলেন, ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে, যা প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু তিন মাস ধরে তা স্বাক্ষর না হওয়ায় শিক্ষরা হতাশ। বাকি অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানান। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বগুড়ার শাহজাহানপুর থেকে এসেছেন দারুস সালাম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান। তিনি বলেন, ‘১৯৯২ সাল থেকে আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও কেউ বাস্তবায়ন করেনি। সবশেষ এ সরকারও আমাদের জাতীয়করণের আশ্বাস দিয়ে বাস্তবায়ন করছে না। আমাদের আবার রাস্তায় নামতে হলো।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম বলেন, ‘গতকাল তারা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলেন। সেখানে কেউ তাদের সঙ্গে কথা বলেনি। তাদের অবজ্ঞা করা হয়েছে। বৈঠক থেকে কোনো সমাধান আসেনি। গেজেট না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’

শিক্ষকদের পাঁচ দফা দাবি হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা গত ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন; শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের পাঠানো প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলগুলো দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ; স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা গ্রহণ; প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করা; প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত