৫ সেটের থ্রিলারে নেপালকে হারাল বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০২ এএম

প্রথম দুই সেট জেতায় মনে হচ্ছিল নেপালকে হারাতে বেগ পেতে হবে না স্বাগতিক বাংলাদেশের। তবে নেপাল সহজে হার মানার পাত্র নয়। ২-০ সেটে পিছিয়ে পড়ার জবাবটা তারা দিল পরের দুই সেট জিতে। ফলাফল নির্ধারণী পঞ্চম সেটেও লড়াইটা জারি রেখেছিল নেপাল। তবে বাংলাদেশ শেষ বাজিটা জিতে নিয়েছে। সুবাদে কাভা কাপ ফর মেন-২০২৫ আসরে বাংলাদেশ পেয়েছে টানা দ্বিতীয় জয়ের দেখা। বৃহস্পতিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।

ম্যাচ এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা প্রথম দুই সেটে বোঝা যায়নি। স্বাগতিকরা প্রথম দুই সেট জিতে নেয় ২৫-২৩, ২৫-২০ পয়েন্টে। তৃতীয় সেটে নেপাল ফিরেছে অসাধারণ নৈপুণ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা জয় পায় ২৫-২৩ পয়েন্টে। চতুর্থ সেটে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি নেপালের সামনে, হেরে যায় ২৫-১৬ পয়েন্টে। শেষ সেটেও হয়েছে জোর লড়াই। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা জিতে নেয় ১৬-১৪ পয়েন্টে। ম্যাচসেরা হন বাংলাদেশের আল আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত