সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বচ্ছতার ভিত্তিতেই হয়েছে পুলিশে নিয়োগ-পদায়ন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৭ এএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোয় নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল এবং কোনোরকম পক্ষপাতিত্ব করা হয়নি। জাতীয় নির্বাচন ভালোভাবেই হবে, রাজনৈতিক দল যাই বলুক লেভেল প্লেয়িং ফিল্ড আছে। গতকাল রবিবার দুপুরে আইন শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ড কমিয়ে আনা হবে। একজনের সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে। একজনের সিমকার্ড ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে করে প্রকৃত দোষী ব্যক্তি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এ জন্য ব্যক্তিপর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে। কোনো ঘটনা ঘটার পর দেখা যায়, সিমটি সেই ব্যক্তির নয়। একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে  রেজিস্ট্রেশন করতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোয় নিয়োগ ও পদায়নের  ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে গত শনিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছেন এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ, এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’

এমন তথ্যের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনকালীন কতগুলো ঘটনা ঘটে। আমাদের দেশে স্বামী-স্ত্রী একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। সে সময় ঘরেই ভোট ভাগাভাগি হয়ে যায়। এ রকম  ছোটখাটো ঘটনা ঘটতে থাকবে। রাজনৈতিক দলগুলো তাদের সমস্যা সমাধান করবে এবং জনগণ যদি সচেতন থাকে তাহলে নির্বাচন ভালোভাবে হবে।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি আসেনি। অন্তর্র্বর্তী সরকারের আমলে লেভেল প্লেয়িং ফিল্ড আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় লাইফ জ্যাকেট পরে দুই গ্রুপের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে বলেন, এসব প্রতিরোধ শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হবে না, সবাইকে সচেতন হতে হবে। চট্টগ্রামে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় সংঘাত নিয়মিত ঘটনা। তবে এখন তা কমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক অসত্য, বিভ্রান্তিকর তথ্য প্রচার হয় মন্তব্য করে এসব বিভ্রান্তি দূর করতে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত