বিএনপির ফরিদপুর জেলা শাখা বোয়ালমারীর উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কমিটির অনুমোদন দিয়েছে সম্প্রতি। ফরিদপুর-১ আসনে বিবদমান দুই গ্রুপের মধ্যে কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
পদবঞ্চিত বিএনপির একাংশ বিক্ষুব্ধ হয়ে গত তিন দিন টানা মশাল ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত প্রত্যেক দিনই বিকেলে তারা ধারাবাহিকভাবে মশাল মিছিল ও সড়ক অবরোধ করে চলেছেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) উপজেলা বিএনপির একাংশ শামসুদ্দিন মিয়া ঝুনুর অনুসারীরা ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন। পরে সন্ধ্যায় মশাল মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বোয়ালমারী পৌরসদরের কৃষি ব্যাংকের মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। এরপর বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মোড়ে এসে মাইজকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কটির দুই পাশে যানবাহন আটকে যানজটের সৃষ্টি হয়।
এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, সদ্য বিলুপ্ত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিমুদ্দিন মিয়া মিলু, সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ প্রমুখ।
বক্তারা আরো জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি বাতিল না করলে আজ মঙ্গলবার সন্ধ্যায় হরতাল, অবরোধ, অনশনের মতো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত উপজেলা ও পৌর কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ পদই পেয়েছেন ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের অনুসারীরা। অন্যদিকে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষের অনুসারীরা গুরুত্ব ও সংখ্যার নিরিখে উল্লেখযোগ্য কোন পদই পাননি। খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু উভয়েই ফরিদপুর-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। এনিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
মৌলভীবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ১
সীমানা পেরিয়ে সৃজিত
তবুও থেমে নেই জুলিয়া রবার্টস