জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে ট্রেন আটকিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন নরুন্দি স্টেশনে আটকিয়ে বিক্ষোভ করেন।
পরে দুপুর দেড়টার দিকে ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তা ২টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস দিলে ট্রেনটি ছেড়ে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, সদরের বাঁশচড়া, ঘোড়াধাপ, ইটাইল, নরুন্দি ও তুলশীর চরসহ ৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নরুন্দি রেলস্টেশনের ওপর নির্ভরশীল। সড়কপথে নানামুখী দুর্ভোগ থাকায় স্থানীয়দের প্রধান ভরসা এই রেলপথ। নরুন্দি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু করা এবং দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ এখন সময়ের দাবি বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
তারা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই যৌক্তিক দাবি জানানো হলেও তা উপেক্ষিত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাহমুদুল হক বলেন, এলাকাবাসীর দাবি বহুদিনের। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচাল জনগণ মেনে নেবে না: ফারুক
দুই প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ: ঢাবিতে হুলস্থুল