খুলনায় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারহানা হক ও ঐ আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ (পলাতক), শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন কুটি এবং শামীম।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি নগরীর দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্না সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে সুপর্না সাহাও মারা যান। এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
খুলনায় ২ বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ