চট্টগ্রামে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের দায়ে মো. আবদুল মজিদ (২৪) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭-এর বিচারক এস. এম. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
তবে বিষয়টি প্রকাশ পায় আজ বুধবার। দণ্ডিত আবদুল মজিদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং এলাকার আবুল কালামের ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় বসবাস করতেন এবং সেখানকার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন জানান, মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে আবদুল মজিদ মাদরাসার ওই শিক্ষার্থীকে শয়নকক্ষে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। পরে কাউকে না বলার জন্য শিশুটিকে শপথ করিয়ে বিস্কুট ও চানাচুর দেন।
পরদিন রাতে শিশুটির আচরণে অস্বাভাবিকতা দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনাটি জানায়। পরবর্তীতে শিশুটির বাবা নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
