ইসরায়েলের হামলায় ৪৬ শিশুসহ নিহত শতাধিক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ এএম

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের আক্রমণে এক আইডিএফ সদস্য নিহতের অভিযোগে গত মঙ্গলবার রাতে এ হামলা শুরু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক পরিবারের ১৮ জনসহ প্রায় ১০৪ জন প্রাণ হারিয়েছে; নিহতদের মধ্যে ৪৪ জন শিশু। হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা আপাতত স্থগিত করেছে। এদিকে, গাজায় বিমান হামলা চালালেও ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণার পর গাজার বিভিন্ন স্থানে বিমান ও স্থল হামলা শুরু হয়। গাজার চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, গাজা সিটি, বেইত লাহিয়া, বুরেইজ, নুসেইরাত এবং খান ইউনিস এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা সিটির এক প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণের আঘাতে আবাসিক এলাকা কেঁপে উঠছিল। বিভিন্ন অংশ থেকে তিনি আগুন ও ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখেছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, চুক্তি অনুযায়ী মৃত জিম্মিদের ফেরত দিতে গড়িমসি করছে হামাস। এর মধ্যেই মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে এক আইডিএফ সদস্যকে তারা হত্যা করেছে। হামাস খুব সুস্পষ্ট সীমা লঙ্ঘন করেছে দাবি করে কাৎজ হুঁশিয়ার দিয়ে বলেন, মৃত জিম্মিদের দেহ ফেরতের শর্ত লঙ্ঘন এবং ইসরায়েলি সেনার ওপর হামলা চালানোর জন্য হামাসকে অনেক চড়া মূল্য দিতে হবে।

তবে ইসরায়েলি সেনার ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস। এক বিবৃতিতে তারা দাবি করেছে, রাফায় গোলাগুলির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করছে হামাস। যুদ্ধবিরতি যুক্তিতে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। বরং গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়ে প্রকাশ্যে চুক্তি ভঙ্গ করছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দিক থেকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, মঙ্গলবার উদ্ধার করা এক জিম্মির মরদেহ হস্তান্তর স্থগিত করা হয়েছে। হামলার পরও যুদ্ধবিরতি ভেঙে পড়বে না দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলে সেনারা হামলার লক্ষ্যে পরিণত হলে তারা পাল্টা হামলা করবে। তিনি বলেন, আমার বক্তব্য হচ্ছে, হামাস এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। তো, ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে এবং সেটা তাদের করা উচিত। তবে যুদ্ধবিরতি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। আপনাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য হামাস খুবই ছোট একটা ইস্যু। তাদের উচিত নিজেদের শুধরে নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত