হাতিয়ায় নারীকে লাঞ্ছিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১১:২৯ এএম

নোয়াখালীর হাতিয়ায় দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার হরণি ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে  ভুক্তভোগী মোমতাজ বেগম জানান, তার প্রথম স্বামী এক বছর আগে মার যান। ওই সংসারে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর পর সন্তানদেরকে নিয়ে কষ্টকর ও অসহায় জীবন যাপন করছিলেন। পরে পারিবারিকভাবে হরণি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেনকে বিয়ে করেন। গত ১২ অক্টোবর রাতে আনোয়ার হোসেন তার সঙ্গে দেখা করতে এলে, তার প্রথম স্বামীর পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় একাধিক বৈঠক হলেও এর কোনো মীমাংসা হয়নি। তার ভাষায় একটি কুচক্রী মহল তাদের বৈধ বিয়েকে বিকৃতভাবে উপস্থাপন করে  ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করছে। এতে তাদের সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাই প্রশাসনের প্রতি এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হরণি ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ভুক্তভোগীর সাবেক স্বামীর বোন আয়েশা বেগম ও জান্নাত বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত