হাতিয়ায় ১৪০ টন চোরাই কয়লাসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও চারটি কার্গো ট্রলারসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে হাতিয়া কোস্ট গার্ড।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে চলাচল রত চারটি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধ প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা জব্দ ও দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন, হাতিয়ার সুখচর ইউনিয়নের কলাপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত (২৯) এবং চরইশ্বর ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া (৩৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন তারা চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে কয়লাগুলো সংগ্রহ করে। পরে জব্দ কৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত চারটি  ট্রলার ও গ্রেপ্তারকৃত দুই পাচারকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত