ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছে উচ্চ আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। ঢাকা ওয়াসার এ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তির পক্ষে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন আইনজীবী মো. মামুনুর রশিদ। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
গত ১৪ আগস্ট সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। তবে সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ন্যূনপক্ষে তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আখতার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এর আগে ঢাকা ওয়াসায় যারা এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাদের নিয়োগের শর্তগুলো এখনকার বিজ্ঞপ্তিতে দেওয়া শর্তগুলোর সঙ্গে মেলে না এবং তাতে অসংগতি রয়েছে এ যুক্তিতে রিটকারী আবেদনটি করেছিলেন। হাইকোর্ট বিজ্ঞপ্তিটি স্থগিত করে রুল দিয়েছে।’ তিনি আরও বলেন, এমডি নিয়োগে ১৪ আগস্টের বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
