জয়-পুতুলসহ আট জনের নামে মামলা অনুমোদন দুদকের

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২০ এএম

রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, আওয়ামী লীগের গবেষণা শাখা সিআরআইয়ের নামে ১৫ কোটি টাকা আত্মসাৎ, ৩৬ কোটি টাকার কর ফাঁকি ও ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সিআরআইয়ের চেয়ারম্যান সজীব আহমেদ ওয়াজেদ জয়সহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। শিগগির মামলাটি করা হবে।

দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে জনকল্যাণের নামে গঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে প্রাপ্ত অর্থের অপব্যবহার করেছেন। তারা অবৈধভাবে চাপ প্রয়োগ করে অনুদানের নামে সিআরআইয়ের হিসাবে ২৩টি কোম্পানি থেকে ৪৫ কোটি ৩৫ লাখ ৯৫ হাজার টাকা গ্রহণ করেছেন। ২০১৩-১৪ থেকে ২০২৩-২৪ অর্থবছর তাদের মোট আয় ছিল ১০০ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৮৬ টাকা। এর মধ্যে গ্রহণযোগ্য খরচ বাদ দিয়ে স্থিতি ৭০ কোটি ৮০ লাখ ৪২ হাজার ৩৯০ টাকা থাকার কথা। কিন্তু স্থিতি রয়েছে ৫৫ কোটি ১১ লাখ ৮২ হাজার ৮৯৬ টাকা। অবশিষ্ট ১৫ কোটি ৬৮ লাখ ৫৯ হাজার ৫২১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া ২৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৩৯ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৪৮০ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। একই সঙ্গে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর শিডিউল ৬, পার্ট-বি, ১১(বি) ধারা ভঙ্গ করে ৩৬ কোটি ৫২ হাজার ৭৪২ টাকা কর প্রদান না করে সরকারের ক্ষতি করা হয়েছে। তারা আয়কর আইনের ক্ষমতার অপব্যবহার করে কর মওকুফ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যক্তিগতভাবে এবং একে অন্যকে অন্যায়ভাবে লাভবান করেছেন। জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় না করে, সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন না থাকা সত্ত্বেও এসআরও জারি করে কর সুবিধা গ্রহণ ও প্রদান করেছেন। আসামিরা অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মামলার অন্য আসামিরা হলেন সিআরআইয়ের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি সায়মা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, ট্রাস্টি নসরুল হামিদ বিপু, নির্বাহী পরিচালক শাব্বির বিন শামস, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর আপিল) রওশন আরা আক্তার, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এবং সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত