দায়িত্ব পালনে অযোগ্য হাইকোর্টের বিচারপতি খুরশীদ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২১ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী ৫ নভেম্বর (গতকাল) তারিখে তাকে উক্ত পদ থেকে অপসারণ করেছেন।’ ‘ফ্যাসিস্টের দোসর’ অ্যাখায়িত করে উচ্চ আদালতের কতিপয় বিচারকদের পদত্যাগের দাবিতে গত বছরের ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ওই দিন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয় হাইকোর্টের ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। এই ১২ জনের মধ্যে খুরশীদ আলম সরকারও ছিলেন। গত ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়, অভিযোগ ওঠা এই বিচারপতিদের বিরুদ্ধে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ জনের মধ্যে বিচারপতি শাহেদ নূরউদ্দিন গত ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। বিচারপতি মো. আমিনুল ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি। বিচারপতি মো. আতাউর রহমান খান এবং বিচারপতি আশীষ রঞ্জন দাস ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন। এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পূর্ণাঙ্গ তদন্তের পর রাষ্ট্রপতি দুজন বিচারপতিকে অপসারণ করেছেন। তারা হলেন বিচারপতি খিজির হায়াত এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। গত ২১ মে পদত্যাগ করেন বিচারপতি মো. আখতারুজ্জামান। সে হিসেবে আরও তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত