পশ্চিম জার্মানির ভুর্সেলেনে একটি হাসপাতালে কর্মরত এক প্যালিয়েটিভ কেয়ার নার্সকে ১০ জন রোগী হত্যার এবং ২৭ জনের হত্যার চেষ্টা করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা, বৃহস্পতিবার (৬ নভেম্বর) জার্মান আদালত এই রায় প্রদান করেন।
আদালতের বক্তব্য অনুযায়ী, নার্সটির অসন্তুষ্টি ও সহানুভূতির অভাব রোগীদের প্রতি স্পষ্ট ছিল এবং তিনি যেন জীবন ও মৃত্যুর খেলোয়াড় হয়ে উঠেছিলেন।
প্রসিকিউটররা জানান, নার্সটি রাতের শিফটে কাজের চাপ কমানোর জন্য রোগীদের বড় ডোজে মরফিন এবং মিডাজোলাম ইনজেকশন দিতেন। অভিযুক্ত নার্সটি ২০২৪ সালে গ্রেপ্তার হন।অপরাধের সময়কাল ছিল ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত। ২০০৭ সালে নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন করা এই নার্স ২০২০ সাল থেকে ভুর্সেলেন হাসপাতালে কর্মরত ছিলেন।
প্রসিকিউটররা আরও জানিয়েছেন, সম্ভাব্য আরও শিকার চিহ্নিত করতে মরদেহ খনন চলছে, যার ফলে তিনি পুনরায় বিচারের মুখোমুখি হতে পারেন।
এই ঘটনার সঙ্গে ২০১৯ সালের নিলস হোগেল কাণ্ডের মিল লক্ষ্য করা গেছে। যেখানে ৮৫ জন রোগী হত্যার জন্য হোগেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
