ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে। এছাড়াও, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আসামের ধুবরিতে আরও একটি সামরিক স্টেশন স্থাপনের কাজ চলমান রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সীমান্তসংলগ্ন চোপড়া ঘাঁটি পরিদর্শন করেন। পূর্বাঞ্চলীয় কমান্ড এক্সে করা এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেখানে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথা বলেন এবং অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন ও চালু করার জন্য তাদের অটল উদ্যম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সেনাদের সর্বোচ্চ কার্যকরী প্রস্তুতি বজায় রাখতে এবং নিরাপত্তাজনিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকারও নির্দেশ দেন।
এসময় চোপড়া এলাকার বিধায়ক হামিদুল রহমান ও অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সভায় আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে সামরিক-বেসামরিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।
লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি পরবর্তীতে আসাম সীমান্তে অবস্থিত গজরাজ কর্পস পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁওয়ে ‘লাচিত বরফুকন সামরিক স্টেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আহোম সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি লাচিত বরফুকনের নামে এই স্টেশনের নামকরণ করা হয়েছে, যা সাহস ও দৃঢ়তার প্রতীক বলে উল্লেখ করা হয়েছে। পূর্বাঞ্চলীয় কমান্ডের বক্তব্য অনুযায়ী, এই স্টেশন স্থাপনের মাধ্যমে অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা ও অবকাঠামোগত শক্তি বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে কমান্ডার তিওয়ারি সীমান্তরক্ষী বাহিনীর কার্যকরী প্রস্তুতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এছাড়াও, চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
