কালিয়াকৈর সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

‘জালিয়াতির মাধ্যমে টেন্ডার দেওয়ার অভিযোগ সত্য নয়’

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

গাজীপুরে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। তিনি গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য। 

রবিবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার কালিয়াকৈর ট্রাকস্টেশন এলাকায় তার নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে টেন্ডার দেওয়ার অভিযোগটি সত্য নয়। নিয়ম অনুযায়ী কালিয়াকৈর পৌরসভা কর্তৃক ২০২৪ সালের ৩ এপ্রিল টেন্ডার আহ্বান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ইমপ্রুভিং আরবান গর্ভনেন্স প্রোগ্রামের (আইইউজিআইপি) প্রকল্পের ওই টেন্ডারে দরপত্র দাখিল করে দুটি প্রতিষ্ঠান । দরপত্র মূল্যায়ন কমিটি পিপিআর নিয়ম অনুযায়ী কারিগরি দিক দিয়ে গ্রহণযোগ্য ও সর্বনিম্ন করদাতাকে তিন সদস্য বিশিষ্ট টেন্ডার মূল্যায়ন কমিটি সুপারিশ, পিডি অফিস যাচাই-বাছাই এবং প্রধান প্রকৌশলী অনুমোদন করে কার্যাদেশ দেওয়া হয়। এখানে আমি মূল্যায়ন কমিটির কোনো সদস্য নই। আমি মেয়র হিসেবে শুধু নির্বাচিত ঠিকাদারের সঙ্গে চুক্তি সম্পদান করেছিলাম। এ প্রকল্পের ৯৩ ভাগ কাজ ইতোমধ্যে সম্পূন্ন হয়েছে। এখন বিলের জন্য অপেক্ষামান। এখানে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দিয়ে আমি আরও রাষ্ট্রের ৫৮ লাখ টাকা সাশ্রয় করেছি।

তিনি বলেন, পৌরসভায় ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশে পৌরসভার মেয়রদের কোনো হাত নেই। আসলে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা আমাকে পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার নামে বিভিন্ন মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক সংবাদ প্রচারের প্রতিবাদ জানাচ্ছি। এসময় প্রকৃত ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত