টাকা ধার নেওয়া সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ধোবাউড়ার এরশাদ আলি হত্যা মামলার আসামি মো. ইউসুফ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এছাড়াও ইয়াবাসহ দুই মাদক কারবারি মো. পায়েম আলি (৩৫) এবং মো. রাসেল মিয়া (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৩১ অক্টোবর সকালে ধোবাউড়ার সোহাগীপাড়া এলাকায় এরশাদ আলিকে প্রতিপক্ষরা হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এরশাদকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ১০ নভেম্বর রাতে র্যাব-১৪ ঢাকার রুপনগর থানার চটবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ আলিকে গ্রেপ্তার করে।
অপর এক অভিযানে র্যাব ১০ নভেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানহর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. পায়েম আলি (২৫) এবং মো. রাসেল মিয়াকে (১৯) ৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
