সরকার দেশের বিভিন্ন স্থানে রাস্তার পাশে পরিবহণ জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতে, এমন তেল কখনও কখনও দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্য অবৈধ কাজে ব্যবহার করে থাকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে সরকার সতর্ক। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ রাখা হয়েছে। “আমরা ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছি।
কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা বড় ধরনের কোনো সমস্যায় পরিণত হয়নি। এ ধরনের ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে হবে,” বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অনেকেই অভিযোগ করেন যে সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যায়। যারা জামিন দেন, তাদের অনুরোধ, যাতে তারা সন্ত্রাসীদের জামিন না দেন।”
তিনি জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, “সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “আমাদের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে একটি মহড়া আয়োজন করা হবে। নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাবাহিনী, ৩৫ হাজারের মতো বিজিবি এবং সাড়ে পাঁচ লাখের বেশি আনসার মোতায়েন থাকবে।”
