চাঁদপুর শহরের জুয়া খেলায় হেরে পার্টনার রেহান উদ্দিন মিজি হত্যা মামলার আসামি মো. খোরশেদ আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম (২৭) পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শেফালীপাড়ার বাসিন্দা।
নিহত রেহান উদ্দিন মিজি (৫৫) চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড খান সড়কের বাসিন্দা ও পেশায় ড্রেজার ব্যবসায়ী।
মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালে রেহান উদ্দিন মিজির সঙ্গে আসামি খোরশেদ আলমের জুয়া খেলার সময় পরিচয় হয়। এর ধারাবাহিকতায় খোরশেদ বেশ কয়েকবার রেহানের কাছে জুয়া খেলায় হেরে যান। যে কারণে সে ক্ষুব্ধ হয়ে ২০২১ সালের ২৩ জুন রেহান উদ্দিনের ভাড়া বাসায় জুয়া খেলতে এসে পরিকল্পিতভাবে তাকে দেশীয় অস্ত্র আঘাতে হত্যা করে খোরশেদ। ওই দিন পারিবারিক কাজে রেহান উদ্দিনের স্ত্রী পারভীন বেগম সখিপুর নিজ গ্রামের বাড়ি ছিলেন। দুপুরে স্বামীকে ফোনে না পেয়ে পাশের বাসায় থাকা আরেক ভাড়াটিয়া মরিয়ম বেগমকে দেখার জন্য বলেন তিনি বাসার দরজা খোলা পান এবং রেহান উদ্দিনকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ রেহান উদ্দিনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বেগম ২৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী খোরশেদ আলমকে গ্রেপ্তার করে এবং ১ জুলাই তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।
ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন