নারায়ণগঞ্জে এক লটারিতেই ৩০ কর্মকর্তার বদলি

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

নারায়ণগঞ্জ জেলায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের বদলিতে এবার তৈরি হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার (১০ নভেম্বর) জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৩০ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে প্রকাশ্য লটারির মাধ্যমে একযোগে বদলি করেন। 

যা ঘুষ, সুপারিশ ও তদবির মুক্ত এ ব্যতিক্রমী পদক্ষেপকে সংশ্লিষ্ট কর্মকর্তারা নজিরবিহীন বলে অভিহিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদগুলোতে জনবল সংকট থাকায় কয়েকজন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে একসঙ্গে দুইটি ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়েছে। জনবল সংকট জনিত পরিস্থিতির মধ্যে স্বচ্ছতা বজায় রাখতেই জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রকাশ্য লটারির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় প্রশাসন।

লটারি শুরুর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, বদলির ক্ষেত্রে সংসদীয় আসন, কর্মকর্তাদের স্থায়ী ঠিকানা, কর্ম মূল্যায়ন এবং সামগ্রিক উপযোগিতা বিবেচনায় রেখে সংশ্লিষ্ট উপজেলায় লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে প্রকাশ্য লটারি ছাড়া বিকল্প নেই।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাঈমা ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জেলায় কর্মরত সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত