কার্বন নিঃসরণের হার কমাতে চীনের সাফল্য

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:০৭ এএম

বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত সম্মেলন বা কপ-৩০। যদিও বড় বড় শিল্পোন্নত দেশ ভবিষ্যৎ জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় এখনো একমত হতে পারেনি। তবে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে দারুণ সাফল্য পেয়েছে এশিয়ার পরাশক্তি চীন। ১৮ মাস ধরে চীনের কার্বন নিঃসরণে হার কখনো স্থিতিশীল অবস্থায়, আবার কখনো কমতির দিকে থেকেছে। বিজ্ঞান ও জলবায়ুনীতিবিষয়ক ওয়েবসাইট কার্বন ব্রিফের জন্য বিশ্লেষণটি করেছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, দেশটি প্রতিশ্রুত সময়সীমার অনেক আগে তার কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা ছুঁতে পেরেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে চীনের কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের হার আগের বছরের তুলনায় অপরিবর্তিত ছিল। যাতায়াত, সিমেন্ট ও ইস্পাতশিল্পে নিঃসরণের হার কমে যাওয়াটা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসে চীনে সৌরবিদ্যুৎ উৎপাদনের হার ৪৬ শতাংশ এবং বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনের হার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে দেশটির জ¦ালানি খাতে কার্বন নিঃসরণের হার স্থিতিশীল থেকেছে। এমনকি বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেলেও কার্বন নিঃসরণ বাড়েনি। চীন চলতি বছরের প্রথম ৯ মাসে সৌরবিদ্যুৎ খাতে ২৪০ গিগাওয়াট এবং সৌরবিদ্যুৎ খাতে ৬১ গিগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করেছে। এর মধ্য দিয়ে ২০২৫ সালে নবায়নযোগ্য শক্তি খাতে আরও একটি রেকর্ড গড়ার পথে এগিয়ে যাচ্ছে চীন। গত বছর দেশটি ৩৩৩ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করেছিল, যা বিশ্বের অন্য দেশগুলোর সম্মিলিত সক্ষমতার চেয়েও বেশি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রাজিলে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নেননি। তবে চীনা প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী ভাষণে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকারকারীদের নতুন করে পরাজিত করার আহ্বান জানান। আয়োজকরা জানিয়েছেন, ৪২ হাজারের বেশি প্রতিনিধি এবারের জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন। তবে এ সংখ্যা এর আগের সম্মেলনগুলোর তুলনায় কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত