মেঝেতে পড়ে ছিল স্বামীর লাশ, চৌকির ওপর স্ত্রীর

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:২০ এএম

পটুয়াখালীর মহিপুরে একটি বসতঘর থেকে সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আকলিমা সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিনের বাড়ি পার্শ¦বর্তী মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামসংলগ্ন আন্ধারমানিক নদীর খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি ফজরের নামাজে না যাওয়ায় স্থানীয়রা ভোর ৬টার দিকে তার বাড়িতে খোঁজখবর নিতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে চৌকিতে আকলিমাকে ও ঘরের মেঝেতে সিরাজউদ্দিনের মরদেহ দেখতে পান। সিরাজউদ্দিনের গলার নিচে কালো দাগ এবং আকলিমার শরীরেও রক্তাক্ত চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, নিহতদের মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত