শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বর্জ্য, নেই সমাধান

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:২২ এএম

শ্রীমঙ্গলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থিত ময়লার ভাগাড় এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় প্রতিদিন হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই দুর্গন্ধময় পরিবেশের ভেতর দিয়েই চলাচল করতে হচ্ছে। দূর থেকে দেখা যায় খাবারের উচ্ছিষ্ট, পলিথিন, নষ্ট সবজিসহ নানা বর্জ্য এখানে ফেলা হয়। বৃষ্টি হলেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। নোংরা পানিসহ দুর্গন্ধ তীব্র হয়ে ওঠে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের  শিক্ষার্থী মিতু আক্তার বলেন, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে আসি। নাক চেপে যেতে হয়। আমরা দীর্ঘদিন থেকে এই ভাগাড় সরানোর দাবি জানিয়ে আসছি।’

শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী উম্মে নাফিসা মাইমুনাহ বলেন, সর্বশেষ আমরা জানতে পারি একটি প্রকল্প পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল অধিদপ্তরে তবে দীর্ঘদিন যাবৎ এটি আটকা পড়ে আছে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ এবিএম মোখলেছুর রহমান বলেন, এই ময়লার ভাগাড়ের কারণে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেই পাঠদানসহ সব কার্যক্রম বিঘিœত হয়। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। তা ছাড়া আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি, অনেক প্রতিবাদ হয়েছে। এখন আমরা আশা করছি কর্তৃপক্ষ পরিবেশ দূষণের মাত্রা বিবেচনা করে অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনের জন্য একটি প্রকল্প আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয়ে এর কার্যক্রম চলমান আছে এবং আমরা প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় আছি। এ ছাড়া এখান থেকে ভাগাড় সরিয়ে কোথায় স্থানান্তর করা যায় সেই জায়গার ও আমরা খোঁজ নিচ্ছি। আমরা চাই না শিক্ষার্থীরা কষ্ট করে প্রতিষ্ঠানে যাতায়াত করুক। তা ছাড়া গত রবিবার এলাকাবাসী ও শিক্ষার্থীরা ময়লার ভাগাড়ের গেটে একটি  তালা লাগিয়ে সেটি বন্ধ করে দেয়। তারা জানায়, এখন থেকে সেখানে কোনো ময়লা ফেলা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত