আ. লীগের নিরপরাধ কর্মীরা যে কোনো দলে যোগ দিতে পারে: নুর

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম

আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অন্যায় বা জুলুমে জড়িত নন, তারা চাইলে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। তিনি বলেন, গণঅধিকার পরিষদ তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

নূরুল হক নূর অভিযোগ করেন, পাঁচ আগস্টের পর থেকে মামলা বাণিজ্যের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যও কিছুটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হবে না — মির্জা ফখরুলের এই বক্তব্যের সঙ্গে গণঅধিকার পরিষদও একমত। আওয়ামী লীগের সাধারণ নিরপরাধ নেতাকর্মীদের জন্য সব রাজনৈতিক দল উন্মুক্ত। 

তারা চাইলে জামায়াত, বিএনপি বা গণঅধিকার পরিষদ— যে দলে ইচ্ছা, সেখানে যোগ দিতে পারেন।”

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ–৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান–এর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান।

এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

ভিপি নূর আরও বলেন, “জাতীয় ঐক্যমত্য কমিশন গণঅধিকার পরিষদের অনেক দাবি জুলাই সনদে গ্রহণ করেছে। আসন্ন নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদ এখনো কোনো জোটে অন্তর্ভুক্ত হয়নি, তবে জুলাই অভ্যুত্থানের শরিকদের নিয়ে একটি জোট গঠনের চেষ্টা চলছে।”

তিনি অভিযোগ করেন, “আগামী নির্বাচন বানচাল করতে দেশি–বিদেশি মহলের ষড়যন্ত্র চলছে। এই সব চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত