যশোরের মণিরামপুরে ইটভাটার ‘কাদামাটি তৈরির মেশিন’-এ আটকা পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরুপদাহ এলাকায় অবস্থিত ‘মেসার্স বোল্ড বিকস্’ নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকস্ শ্রমিক হিসেবে কাজ করছেন জাকির মোড়ল। ঘটনার দিন দুপুরে জাকির কাদামাটি তৈরির মেশিন পরিস্কার করার সময় আকস্মিকভাবে তার ভিতরে পড়ে যান। এতে চলন্ত মেশিনে পেঁচিয়ে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর জাকিরের মরদেহ উদ্ধার করে।
ভাটার মালিক আমিনুল ইসলাম লাল্টু জানান, মেশিন পরিস্কার করার সময় দুর্ঘটনাবশত মেশিনে আটকা পড়ে সেখানে তার মৃত হয়। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তার পরিবারকে সহযোগীতা করা হবে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ইটভাটায় মেশিনে কাটা পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
