মাদারীপুরে স্বাভাবিক হচ্ছে পরিবহন চলাচল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রভাবে সারাদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মাদারীপুরের ঢাকাগামী বাস চলাচল। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা শহরের নতুন বাসস্ট্যান্ডের পৌর বাস টার্মিনাল থেকে চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

দিনভর পরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

সরেজমিনে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) রাতে পৌর বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিক ও মালিকদের মধ্যে। এরপর থেকেই তারা নিরাপত্তা উদ্বেগে বাস চলাচল বন্ধ রাখেন। 

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাগামী বাস বন্ধ থাকলেও স্থানীয় রুটে কিছু বাস চলাচল করেছে। বিকেল নাগাদ পরিস্থিতি কিছুটা শান্ত হলে সীমিত আকারে বাস চলাচল শুরু হয়।

বাস চালক মুরাদ বেপারী বলেন, “গতকাল রাতে ককটেল বিস্ফোরণের পর সারারাত টার্মিনালে পাহারা দিয়েছি। আজ সারাদিন গাড়ি বন্ধ ছিল। এখন কিছু গাড়ি চলছে, কিন্তু আয় হচ্ছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।”

একজন যাত্রী জানান, “সারাদিন বাস না চলায় বারবার ফিরে যেতে হয়েছে। বিকেলে এসে দেখি কিছু গাড়ি ছাড়ছে, তাই উঠে পড়েছি।”

চন্দ্রা পরিবহনের সুপারভাইজার জহির বলেন, “আজ প্রথম ট্রিপ নিয়ে ঢাকায় যাচ্ছি। সারাদিন যাত্রীরা এসেও ফিরে গেছেন, এখন তাদের চাপ বেশি।”

মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু জানান, “বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পরিবহন চলাচল বন্ধ ছিল। আমরা এখন বাস চলাচল স্বাভাবিক করার নির্দেশ দিয়েছি।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) জাহাঙ্গীর আলম বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বাস টার্মিনালে ও আশপাশে সারাদিন পুলিশ মোতায়েন ছিল। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত টহলও দেওয়া হচ্ছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত