বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের একজন মানুষও বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করবে না। সে জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। বিএনপি যা অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন।
তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাধান্য অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি জনগণের রাজনীতি করে, রাজনীতির মূল উদ্দেশ্য জনসেবা করা। জনগণের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করা। জনগণই রাষ্ট্রের মালিক। রাজনৈতিক সফলতার উৎস। জনগণকে বাদ দিয়ে অন্য কোন চিন্তা যারা করেছে তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই বিএনপিকে যদি আপনারা আগামী দিন ক্ষমতায় পাঠান তাহলে আপনাদের সকল দাবি দাওয়া বাস্তবায়নসহ দেশকে ঢেলে সাজানো হবে।
ড্যাব নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি ডা. মবিন এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, সিভিল সার্জন ডা. সৈয়দ মুহাম্মদ আমিরুল হক শামীম, ড্যাব নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা শেষে দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকুনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণে মশারি বিতরণ করেন অতিথিরা। এছাড়া দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫ টি বুথের মাধ্যমে ২৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়।
