যশোরে প্রেমিক প্রেমিকার বিষপান একজনের মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৩ এএম

যশোর শহরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করার ঘটনায় প্রেমিক সাদিকুর রহমান (২৩) মারা গেছেন। গতকাল শনিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার প্রেমিকাকে নিয়ে যশোরের বিনোদিয়া পার্কে ঘুরতে যান। সেখানে কিছুক্ষণ কাটানোর পর এক পর্যায়ে দুজনেই বিষপান করেন। বিষপানের পর তারা দুজনেই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কে আসা দর্শনার্থীরা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। তবে প্রেমিকার পরিচয় এখনো জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, উভয়কে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাদিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত