বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি।
তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ বারবার আন্দোলন করে স্বৈরাচারী শাসক হটিয়েছে, অভ্যুত্থান করেছে। কিন্তু প্রতিবারই সঠিক নেতৃত্বে অভাবে প্রতারিত হয়েছে। ২৪ এ দেশের ছাত্র জনতার বুকের রক্তে অভ্যুত্থানের পর ক্ষমতায় থাকা অর্ন্তর্বতী সরকার গণমানুষের স্বার্থের বদলে সংবিধান,গণভোটসহ অপ্রয়োজনীয় বিতর্কে মানুষের দুঃখ-কষ্ট ঢেকে নিজেদের ভাগ্য গড়ার চেষ্টা করছে। যেন অতীতের স্বৈরাচারী সরকারের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছেন তারা। অথচ বৈষম্যবিরোধী আন্দোলনে মাধ্যমে জনগণ দুঃশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সকল বৈষম্য থেকে মুক্তি চেয়েছিল। অথচ একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে জেলা বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
কমরেড খালেকুজ্জামান বলেন, ব্যবস্থা বদলের পরিবর্তে একই শ্রেণির কাছে ক্ষমতার হাত বদলের কারণে গণমানুষের জীবনমানের পরিবর্তন ঘটছে না। তাই বুর্জোয়া ও লুটেরা রাজনীতির বৃত্তের বাইরে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে।
জেলা বাসদের সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বাসদের সাবেক সমন্বয়ক কমরেড আবুল কালাম আজাদ, বাসদ জেলা শাখার সদস্য কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমরেড ফয়সল আহমেদ, সদস্য কমরেড নুরুজ্জামান তরফদার প্রমুখ।
এআই ব্যবহার করে অর্থ উপদেষ্টার ভুয়া ভিডিও প্রচারে সতর্কবার্তা