মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল এবং সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে দুই উপজেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার মাগুরা-২ আসনের নির্বাচনী এলাকা মহম্মদপুর ও শালিখা উপজেলায় এ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজারে বিএনপির একাংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল চেয়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন বিক্ষোভ করে। নেতাকর্মীরা ‘মনোনয়ন পরিবর্তন চাই, তৃণমূলের মতামতের মূল্য দাও’ এ ধরনের সেøাগান দেন। সড়ক অবরোধ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর নেতাকর্মীরা আউনাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।
এদিকে একই সময়ে শালিখা উপজেলার সীমাখালি এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আড়পাড়া বাজার হয়ে বুনাগাতি বাজারে গিয়ে শেষ হয়। এসব বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু প্রমুখ।
