আইন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি দেওয়া হবে

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ এএম

জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদন্ডের রায়কে স্বাগত জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ রায়কে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে সরকার ভারতের কাছে আবারও চিঠি দেবে বলে জানান তিনি। গতকাল শেখ হাসিনার মামলার রায়ের পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। দেশের মাটিতে ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানি, বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিলেন, আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদন্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদন্ডের আদেশ হয়েছে। আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন।’ তিনি আরও বলেন ‘আজকে একটা বিচার হয়েছে। ইনশাআল্লাহ আমরা যত দিন আছি বিচারকাজ পূর্ণবেগে চলবে। আশা করি আগামীতে যে সরকারই নির্বাচিত হবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা শেখ হাসিনাকে এ দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, এটা অত্যন্ত নিন্দনীয় আচরণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত